স্বাধীনতা দিবসে খড়গপুরে জমজমাট রোড রেস, নজর কাড়ল আফরিন জাবির বার্তা!
অরিন্দম চক্রবর্তী : স্বাধীনতা দিবস উপলক্ষে খড়গপুর শহরে অনুষ্ঠিত হল ১০ কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা। মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির খড়গপুর ইউনিট এবং অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার, খড়গপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।১৫ আগস্ট সকালে ইন্দা লোকাল থানা মোড় থেকে নিমপুরা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয় প্রতিযোগিতা। পুরুষদের জন্য ১০ কিলোমিটার, মহিলাদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।
প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।নিমপুরা বানজারা ময়দানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী সাঁতারু আফরিন জাবি। বহরমপুর থেকে জঙ্গিপুর পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে সাঁতারের জগতে যাত্রা শুরু করেন তিনি।
পরবর্তীতে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল ১৩ ঘণ্টা ১৩ মিনিটে অতিক্রম করে নজির গড়েন। এরপর প্রায় ৩০ কিলোমিটার পক প্রণালী ৭ ঘণ্টা ৫ মিনিটে পাড়ি দেন আফরিন। আগামী সেপ্টেম্বর মাসে আমেরিকার ক্যাটরিনা ক্যানেল অতিক্রমের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরিনের বাবা পিয়ার আলীও।
বক্তব্য রাখতে গিয়ে আফরিন জাবি বলেন, “মেয়েরা কোনও অংশে কম নয়, তারাও অনায়াসে ছেলেদের টক্কর দিতে পারে। তাই আগামী বছর মেয়েদের জন্যও ১০ কিলোমিটার রোড রেস আয়োজন করা হোক।
”সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাদাখ ম্যারাথনের চ্যাম্পিয়ন শ্যামাপদ দাস। বিশেষ অতিথি ছিলেন খড়গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির খড়গপুর ইউনিটের সভাপতি অনিতবরণ মণ্ডল, সম্পাদক অমল মজুমদার, কর্মকর্তা ও ফুটবল সংগঠক অমিতেশ কুণ্ডু-সহ নারায়ণ শর্মা, আদীনাথ ভট্টাচার্য, রিনা বেরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন আফরিন জাবির আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একাডেমি। সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে ১০ হাজার ১ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।