১০৮ প্রদীপে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন পালন,ইন্দাসের বিধায়ক নির্মল ধারার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান

প্রেম চাঁদ ফৌজদার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার ইন্দাস হাই স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। ইন্দাসের বিধায়ক নির্মল ধারার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১০৮টি প্রদীপ প্রজ্বলন, জাতীয় সংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।ইন্দাস হাই স্কুলের হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমসার রামকৃষ্ণ মিশনের মহারাজ, ইন্দাস থানার ওসি চয়ন ঘোষ, বিজেপির মণ্ডল সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সহদেব পাল, বিডিও জুপিটার বিশ্বাস, মহিলা মোর্চার দুই সাধারণ সম্পাদক রিংকু দিগার ও সমাপ্তি দাস, সুপ্রিয়া বৈরাগী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ইন্দাস ব্লকের বিজেপি কর্মী, মহিলা ও শিশু-সহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বিধায়ক নির্মল ধারা মঙ্গলদীপ প্রজ্বলন করেন। এরপর ১০৮টি প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি জাতীয় সংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্মল ধারা বলেন, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। দেশের মঙ্গল এবং মানুষের সুখ-শান্তি কামনায় মঙ্গলদীপ প্রজ্বলন করা হয়েছে। তাঁর দাবি, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বিধায়ক আরও বলেন, “আজ ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পথে এগিয়ে চলেছে। দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইন্দাস বিধানসভার পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে।”