মেদিনীপুরে নতুন বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন, বৈদিক মন্ত্রোচ্চারণে শুরু পূজা-অর্চনা!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শংকর কুমার গুছাইতের উদ্যোগে রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন বিধায়ক সেবা কেন্দ্র। উদ্বোধনের আগে সকাল থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও হোম-যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে নানা আচার-অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সন্ধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর হাত দিয়ে নতুন বিধায়ক সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবা কেন্দ্রের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার পথ আরও সহজ করা। পাশাপাশি, মানুষের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয় বিষয়ে দ্রুত সহায়তা প্রদান করা হবে এই কেন্দ্রের মাধ্যমে।সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়েছে।