বেলদায় চতুর্থ রেললাইন তৈরিতে ৩৩৫২ কোটি টাকা বরাদ্দ, বদলাবে খড়গপুর-বালেশ্বর রেল যোগাযোগ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ ও ওড়িশার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। খড়গপুর থেকে বালেশ্বর হয়ে ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণে ৩৩৫২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় ১৭৩ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে খড়গপুর, বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার রেল পরিকাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।হাওড়া-চেন্নাই রেল করিডরে বর্তমানে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত রেললাইন তৈরি হলে ট্রেন চলাচলের চাপ কমার পাশাপাশি পরিষেবার গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে। একইসঙ্গে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহণের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি শুধু যাত্রী পরিষেবার জন্য নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লাইন চালু হলে কয়লা, লৌহ আকরিক, সিমেন্ট, ইস্পাত, অটোমোবাইল, কনটেইনার ও খাদ্যশস্যের মতো বিভিন্ন পণ্য দ্রুত ও বেশি পরিমাণে পরিবহণ করা সম্ভব হবে। শিল্পাঞ্চল ও বন্দরগুলির মধ্যে পণ্য পরিবহণ আরও সহজ হওয়ার পাশাপাশি এই রুটের বাণিজ্যিক গুরুত্বও বাড়বে।প্রকল্পের আওতায় একাধিক বড় ও ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য অনুযায়ী, ১৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে ২টি মেগা ব্রিজ, ৪১টি বড় সেতু এবং ১৬৯টি ছোট সেতু নির্মাণ করা হবে।এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ একাধিক এলাকার রেল যোগাযোগ আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি, শিল্পের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।