বন্যার জলে তলিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ ঘাটাল—পরিবারের পাশে পুলিশ সুপার
অভিজিৎ সাহা : বন্যার জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। বন্যার জলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুরের বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই শিশু সন্তান বুধবার বাড়ির কাছেই খেলছিল। সেই সময় অসাবধানতাবশত দু’জনেই বন্যার জলে পড়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। কোনওরকমে পুত্র সন্তানটিকে উদ্ধার করা সম্ভব হলেও তিন বছরের কন্যাশিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বন্যার জল থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়ে পরিবার।ঘটনার খবর পৌঁছয় প্রশাসনের কাছেও। বুধবার বিকেলে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সঙ্গে ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।
তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।বন্যার জলে ডুবে শিশুমৃত্যুর এই ঘটনায় রামচন্দ্রপুর এলাকায় নেমে এসেছে শোকের আবহ। ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকাগুলিতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জলমগ্ন বাড়ির আশপাশে ছোটদের একা না ছাড়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফেও সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে।