লক্ষ্মীর ভাণ্ডারে ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের অভিযোগ, বহরমপুরে আটক রাকিবুল শেখ!
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের পাওয়ার কথা থাকলেও সেই অর্থ বহু ক্ষেত্রে পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছে বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছিল। শুধু অনুপ্রবেশকারী নয়, বহু পুরুষের অ্যাকাউন্টেও নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়েছে বলে অভিযোগ করেন তিনি।এই প্রসঙ্গে বহরমপুরের রাকিবুল শেখের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, “শুধু রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই এই সুবিধা পাবেন, কোনও রাকিবুল নন।” এরপরই বহরমপুর থানার পুলিশ রাকিবুল শেখকে আটক করেছে বলে জানা যায়।পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বহরমপুর এলাকার বাসিন্দা রাকিবুল শেখ পেশায় এক ব্যবসায়ী এবং তাঁর একটি হোটেল রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়ছিল। যদিও রাকিবুলের দাবি, প্রথমদিকে তিনি জানতেন না টাকাটি কোন প্রকল্পের। তাঁর কথায়, “সেই সময় আর্থিক সমস্যা চলছিল, তাই টাকা তুলে নিয়েছিলাম। পরে জানতে পারি, ওটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।”এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা ভারতীয় নাগরিক নন বা যেসব পুরুষের অ্যাকাউন্টে এতদিন এই প্রকল্পের টাকা ঢুকছিল, তাঁদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে নতুন করে ফর্ম পূরণের প্রক্রিয়াও চালু করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শুধুমাত্র বৈধ ভারতীয় মহিলা নাগরিকরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলেও স্পষ্ট জানান তিনি।