৩৬-এও ‘সুইং-এর জাদু’ অটুট! আইপিএলে আগুন ঝরিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরাল ভুবনেশ্বরকে ঘিরে

নিজস্ব সংবাদদাতা: চার বছর ধরে ভারতের জাতীয় দলে সুযোগ নেই। বয়সও ছুঁয়েছে ৩৬। সাধারণত এই পর্যায়ে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ঢলে পড়ে। কিন্তু Bhuvneshwar Kumar যেন উল্টো স্রোতে হাঁটছেন। আইপিএল মঞ্চে তাঁর দুরন্ত ফর্ম নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে তাঁকে। চলতি আইপিএলে Royal Challengers Bengaluru-র জার্সিতে ইতিমধ্যেই ১৭টি উইকেট ঝুলিতে পুরেছেন ভুবনেশ্বর। শুধু তাই নয়, আবারও তাঁর মাথায় উঠেছে মর্যাদাপূর্ণ ‘পার্পল ক্যাপ’। ধারাবাহিকভাবে উইকেট তুলে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলছেন এই অভিজ্ঞ পেসার। বৃহস্পতিবার Gujarat Titans-এর বিরুদ্ধে ম্যাচে যদিও হারতে হয়েছে বেঙ্গালুরুকে, তবুও বল হাতে উজ্জ্বল ছিলেন ভুবি। মাত্র ২৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাঁর সুইং সামলাতে রীতিমতো নাজেহাল হন তরুণ ব্যাটাররা। এই পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ভারতীয় ওপেনার Virender Sehwag। তাঁর মতে, “৩৫-৩৬ বছর বয়স কোনও বাধা হওয়া উচিত নয়। ভুবনেশ্বর নিয়মিত ২-৩টি করে উইকেট নিচ্ছে। নির্বাচকদের উচিত ওকে টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবা। Jasprit Bumrah-এর সঙ্গে ওর জুটি আবারও ভয়ঙ্কর হতে পারে।” উল্লেখ্য, ২০১৬ এবং ২০১৭ সালে আইপিএলে পার্পল ক্যাপ জিতেছিলেন ভুবনেশ্বর। এবারও সেই দৌড়ে তিনি অন্যতম এগিয়ে। তবে ব্যক্তিগত সাফল্য নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ এই অভিজ্ঞ বোলার।ভুবনেশ্বরের সাফ বক্তব্য, “পার্পল ক্যাপ ভালো লাগার বিষয়, কিন্তু এখন আর ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবি না। আমার লক্ষ্য দলকে জেতানো। বয়স কম থাকলে এসব নিয়ে আলাদা আগ্রহ থাকে। এখন দলের সাফল্যে অবদান রাখতে পারলেই তৃপ্তি পাই।”তিনি আরও জানান, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দলের ম্যানেজমেন্ট থেকেও পাচ্ছেন পূর্ণ সমর্থন ও আত্মবিশ্বাস। আইপিএলে ভুবনেশ্বরের এই ধারাবাহিক পারফরম্যান্স একটাই প্রশ্ন তুলছে—জাতীয় দলে কি আবার দেখা যাবে তাঁর সুইংয়ের জাদু? ক্রিকেটমহলের একাংশ বলছে, অভিজ্ঞতা আর ফর্ম—এই যুগলবন্দি উপেক্ষা করা কঠিন। এখন দেখার, নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন।