জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানা, প্রাণ গেল ৪৫ বছরের গঙ্গাধরের
সেখ ওয়ারেশ আলী:জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের চুয়াশোল এলাকায়। মৃতের নাম গঙ্গাধর দোলই (প্রায় ৪৫)। বনদপ্তর সূত্রে খবর, হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার ভোরেও জঙ্গলে ছাতু কুড়াতে গিয়েছিলেন গঙ্গাধর। চুয়াশোলের জঙ্গলের ভিতরে ছাতু সংগ্রহ করার সময় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তাঁর উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মী ও শালবনী থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ঘটনার পর জঙ্গলে মানুষের প্রবেশ এবং হাতির গতিবিধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকায় হাতির উপস্থিতি রয়েছে কি না, তা নিয়ে বনদপ্তরের পক্ষ থেকেও নজরদারি শুরু করা হয়েছে। শালবনী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।বারবার হাতির হানায় প্রাণহানির ঘটনায় জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে ভোরবেলা জঙ্গলে ছাতু, জ্বালানি কাঠ বা অন্যান্য বনজ সামগ্রী সংগ্রহ করতে যাওয়া মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।