কলকাতার গণপরিবহণে বড় উদ্যোগ, রাস্তায় নামল ৫০টি নতুন এসি বাস!
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরেই কলকাতা ও সংলগ্ন এলাকায় সরকারি বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে অভিযোগ উঠছিল। এবার সেই পরিস্থিতি বদলাতে গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের উদ্বোধন করা হয়। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন বাসের বহরে রয়েছে ৪৩টি এসি সিএনজি বাস এবং ৭টি ১২ মিটার দীর্ঘ এসি বৈদ্যুতিক বাস।
এই ৫০টি বাস কিনতে রাজ্য সরকারের মোট খরচ হয়েছে ৪২.২২ কোটি টাকা। এর মধ্যে ৭টি বৈদ্যুতিক বাসের জন্য ব্যয় হয়েছে ৮.১৭ কোটি টাকা এবং ৪৩টি এসি সিএনজি বাস কিনতে খরচ হয়েছে ৩৪.০৫ কোটি টাকা।
পরিবহণ দপ্তর জানিয়েছে, নতুন বাসগুলি কলকাতা ও সংলগ্ন এলাকার মোট ২৪টি রুটে চালানো হবে। এর ফলে গণপরিবহণ ব্যবস্থায় যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।এদিকে সরকারি বাসের কন্ডাক্টরদের নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা অনুযায়ী, এবার থেকে বাসচালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও। যাত্রীস্বাচ্ছন্দ্য ও গণপরিবহণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।