ইস্টারের আনন্দে মেলবন্ধন, খড়গপুর ইউনিয়ন চার্চে খ্রিস্টানদের পাশে প্রদীপ সরকার!

নিজস্ব সংবাদদাতা : ৫ই এপ্রিল, রবিবার পালিত পবিত্র ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে তাঁর পুনরুত্থানের স্মৃতিকে কেন্দ্র করেই এই উৎসব উদযাপিত হয়। ২০২৬ সালে ইস্টার সানডে ৫ এপ্রিল, রবিবার পালিত হচ্ছে, যা ‘হোলি উইক’ ও ‘লেন্ট’-এর আধ্যাত্মিক পর্বের পরিসমাপ্তি হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে। পাপ ও মৃত্যুর ওপর জীবনের জয়ের বার্তা বহনকারী এই উৎসব গির্জার প্রার্থনা, পারিবারিক মিলনমেলা এবং ‘ইস্টার এগ’-এর মতো ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়।

এই পবিত্র ইস্টার উপলক্ষে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার খড়গপুর ইউনিয়ন চার্চে উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন। উৎসবের আনন্দঘন আবহে তিনি সকলের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ভাগ করে নেওয়ার সুযোগ পান। ধর্মীয় উৎসবের এই বিশেষ মুহূর্তে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও ঐক্যের যে ছবি উঠে এল, তা খড়গপুরের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছে স্থানীয় মহল।