ডাচ কিংবদন্তির কটাক্ষ, কথার লড়াইয়ে নয়, মাঠেই মরক্কোর পাল্টা জবাব!
নিজস্ব সংবাদদাতা : নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ভ্যান ডার ভার্ট ডাচ টিভি শো-তে বলেছিলেন, "আমি অসম্মান করতে চাই না, তবে নেদারল্যান্ডসের হয়ে খেলার মতো যথেষ্ট ভালো না হওয়া অনেক মরোক্কান খেলোয়াড় এখন মরক্কোর প্রতিনিধিত্ব করছে।"—ভ্যান ডার ভার্টের এই মন্তব্য বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ডাচ বংশোদ্ভূত একাধিক ফুটবলার মরক্কোর জাতীয় দলের হয়ে খেলাকে কটাক্ষ করেই তিনি এই মন্তব্য করেছিলেন। ফন ডার ভার্টের দাবি ছিল, নেদারল্যান্ডসের জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো মান না থাকায় অনেক খেলোয়াড় মরক্কোর হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে বেছে নিয়েছেন। তবে ফুটবল মাঠে সেই মন্তব্যের জবাব দিল মরক্কো।বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডস ও মরক্কোর লড়াই নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে নেদারল্যান্ডসকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় মরক্কো। ডাচ দলে লিভারপুল, বার্সেলোনা-সহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একাধিক তারকা ফুটবলার থাকা সত্ত্বেও মরক্কো নিজেদের দৃঢ়তা, শৃঙ্খলা এবং মানসিক শক্তির পরিচয় দিয়ে জয়ের হাসি হাসে। ফলে ম্যাচ শেষে নতুন করে আলোচনায় উঠে আসে ফন ডার ভার্টের সেই বিতর্কিত মন্তব্য। মরক্কো দলে থাকা ডাচ বংশোদ্ভূত খেলোয়াড়দের পারফরম্যান্স প্রমাণ করে দেয়, আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্বের সিদ্ধান্ত শুধুমাত্র জন্মস্থান নয়, বরং আত্মপরিচয়, শিকড় এবং দেশের প্রতি অঙ্গীকারের সঙ্গেও গভীরভাবে জড়িত। ভ্যান ডার ভার্টের মন্তব্য নিয়ে বিতর্ক হয়তো চলবে, তবে বিশ্বকাপের মঞ্চে ফলাফল বলছে একটাই কথা—সমালোচনার সবচেয়ে শক্তিশালী জবাব দেওয়া যায় মাঠের পারফরম্যান্স দিয়েই। আর সেই জবাব টাই এবার বিশ্ববাসীকে দেখিয়ে দিল মরক্কো।