রক্তদানের পাশাপাশি পরিবেশের বার্তা, ইন্দাসে ৭৫ জনের স্বেচ্ছায় রক্তদান
প্রেমচাঁদ ফৌজদার: রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা এলাকায় সোমবার, ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। ফলে মানবসেবার সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে পড়ে এই উদ্যোগের মাধ্যমে।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইন্দাসের মণ্ডল সভাপতি ঝন্টু মল্লিক, বিধায়ক নির্মল ধাড়া, মণ্ডলের সাধারণ সম্পাদক কালু বিশ্বাস, বুথ সভাপতি বিমল আড়ি, সমাজসেবী সমীরণ কর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।শিবির প্রসঙ্গে মণ্ডল সভাপতি ঝন্টু মল্লিক বলেন, “রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে।” তিনি আরও জানান, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন হয় এবং রক্ত ছাড়া তাঁদের চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। বর্তমানে রাজ্যে রক্তের সংকটের কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে, রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেন ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। তাঁর বক্তব্য, “একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান।” রক্তদানের মতোই পরিবেশ রক্ষার গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।বিধায়ক আরও বলেন, গাছ মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিজেন সরবরাহ করে। তাই রক্তদানের মাধ্যমে যেমন একজন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তেমনই গাছের চারা রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।