ডাবল সেলিব্রেশন রশিদের! কেকেআরকে হারিয়ে জয়, একই দিনে পিতৃত্বের স্বাদ
নিজস্ব সংবাদদাতা: স্পোর্টস ডেস্ক: একদিনে যেন জীবনের দুই সেরা মুহূর্ত একসঙ্গে উপভোগ করলেন আফগান তারকা অলরাউন্ডার Rashid Khan। একদিকে Kolkata Knight Riders-কে হারিয়ে জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় সুখবর— বাবা হলেন তিনি।শনিবার Gujarat Titans-এর জার্সিতে মাঠে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রশিদ। আর সেই ম্যাচের দিনই তাঁর পরিবারে এল নতুন সদস্য। সমাজমাধ্যমে নিজেই সুখবরটি ভাগ করে নেন এই তারকা ক্রিকেটার।জানা গিয়েছে, শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী। নবজাতকের নাম রাখা হয়েছে ‘আসলান’। তুর্কি ভাষায় যার অর্থ ‘সিংহ’। নিজের পোস্টে রশিদ লিখেছেন, “আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।” পাশাপাশি স্ত্রী ও সন্তানের সুস্থতার জন্য ভক্তদের কাছে প্রার্থনাও চেয়েছেন তিনি।উল্লেখযোগ্য বিষয় হল, স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্বে কোনও খামতি রাখেননি রশিদ। Shubman Gill-এর নেতৃত্বাধীন দলে নিয়মিত খেলেই গিয়েছেন তিনি। সন্তানের জন্মের সময়ও তিনি ব্যস্ত ছিলেন ২২ গজের লড়াইয়ে।চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন রশিদ। তাঁর ইকোনমি রেট ৭.৭০। ব্যাট হাতেও দু’টি ম্যাচে ২৪ রান করেছেন, যার মধ্যে একটি ইনিংসে অপরাজিত থেকেছেন।মাঠের সাফল্য আর ব্যক্তিগত জীবনের আনন্দ— সব মিলিয়ে রশিদ খানের কাছে এই সময়টা নিঃসন্দেহে বিশেষ। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর ভক্তরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই আফগান তারকাকে।