খড়গপুরে জমজমাট ভোট লড়াই—তারকাদের উপস্থিতিতে তৃণমূল-বিজেপির শক্তিপ্রদর্শন!
অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরে ভোটের আবহ ক্রমশই তীব্র হচ্ছে। প্রচারের ময়দানে এবার তারকা এবং ভিভিআইপি উপস্থিতির মাধ্যমে জনমত প্রভাবিত করার মরিয়া চেষ্টা শুরু করেছে প্রধান দুই রাজনৈতিক শিবির—তৃণমূল ও বিজেপি। শনিবার১৮ এপ্রিল তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে অংশ নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Yusuf Pathan। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে পৌঁছালেও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। জনতার উদ্দেশ্যে তিনি আবেদন জানান, খড়গপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রদীপ সরকারকে ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দেওয়ার জন্য। রোড শো চলাকালীন উৎসাহী কিছু তরুণ ক্রিকেটার ব্যাট হাতে হাজির হলে প্রদীপ সরকার তাঁদের মঞ্চে ডাকেন। সেই সুযোগে ইউসুফ পাঠান নিজ হাতে তাঁদের ব্যাটে অটোগ্রাফ দেন, যা উপস্থিত জনতার মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে।
প্রবল গরম উপেক্ষা করেও কয়েক হাজার তৃণমূল সমর্থক খড়গপুর কলেজ থেকে ঝপেটাপুর পর্যন্ত এই রোড শো-তে অংশ নেন।অন্যদিকে, একই দিনে বিকেলে বিজেপির প্রচারেও দেখা যায় হাই-প্রোফাইল উপস্থিতি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী Mohan Yadav খড়গপুরে এসে বিজেপি প্রার্থী Dilip Ghosh-এর সমর্থনে রোড শো করেন। কৌশল্যা থেকে ঝপেটাপুর পর্যন্ত হাজার হাজার সমর্থকের সঙ্গে তিনি পদযাত্রা করেন। ঝপেটাপুরের সভামঞ্চ থেকে মোহন যাদব তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বাংলায় পরিবর্তনের ডাক দেন। তাঁর অভিযোগ, রাজ্যে বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি চরমে পৌঁছেছে। তিনি বলেন, “বাংলায় সুশাসন বলে কিছু নেই। আর জি কর তার জ্বলন্ত উদাহরণ।” পাশাপাশি তিনি জনতার কাছে আবেদন জানান, একবার বিজেপিকে সুযোগ দিয়ে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য।দুই শিবিরের এই শক্তিপ্রদর্শনে খড়গপুরে ভোটের লড়াই যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।