‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে সবুজের বার্তা, নয়াগ্রামে সুবর্ণরেখার পাড়ে ১,০০০ চারা রোপণ,উপস্থিত প্রতিমন্ত্রী অমিয় কিস্কু

নিজস্ব সংবাদদাতা : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝাড়গ্রামের নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে অনুষ্ঠিত হল ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি। এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জঙ্গল কন্যা সেতু সংলগ্ন এলাকায় একযোগে ১,০০০টি চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের কৃষি, উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল, সংস্থার কর্ণধার শেখ মুক্তার হোসেন, স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা। প্রতিমন্ত্রী অমিয় কিস্কু বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।” তিনি নিজেও একটি চারা রোপণ করেন এবং উপস্থিতদের হাতে চারা তুলে দেন। সংস্থার কর্ণধার শেখ মুক্তার হোসেন জানান, ‘মায়ের নামে একটি গাছ’ উদ্যোগের মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, তার পরিচর্যার দায়িত্ববোধও মানুষের মধ্যে গড়ে তুলতে চায় সংস্থা। আগামী দিনে ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে একই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান। আয়োজকদের মতে, সুবর্ণরেখা নদীর তীরে এই ১,০০০টি চারা রোপণের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।