মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত,মেদিনীপুরের 'বিধায়ক রক্তদান শিবিরে' রক্ত দিলেন ২৪১ জন

সেখ ওয়ারেশ আলী: গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে শুক্রবার মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডাঃ শংকর কুমার গুছাইত-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেন দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনে রাজ্যের ২০৮টি বিধানসভায় সাফল্যের প্রেক্ষিতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ফলে উল্লেখযোগ্য পরিমাণ রক্ত সংগ্রহ সম্ভব হয়েছে, যা আগামী দিনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাজে লাগবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা , পশ্চিম মেদিনীপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী, সমিত মণ্ডল আইনজীবী, ও বিশিষ্ট গুণীজন সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।অতিথিরা রক্তদাতাদের অভিনন্দন জানান এবং সমাজের প্রতি তাঁদের এই মানবিক দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন।

রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিধায়ক ডাঃ শংকর কুমার গুছাইত বলেন, “গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয়। সেই চাহিদা পূরণ এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।” জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম ও মেদিনীপুরের ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিরা রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করে তুলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।