মানবতার জয়গান—ট্রেনে প্রসব বেদনায় কাতর হিন্দু নারী, মুসলিম মহিলার সহায়তায় এলো নতুন প্রাণ

নিজস্ব সংবাদদাতা: ধর্ম নয়, মানবতাই যে শেষ কথা—আবারও সেই বার্তাই সামনে এনে দিল এক অনন্য ঘটনা। চলন্ত ট্রেনের কামরায় প্রসব বেদনায় কাতর এক হিন্দু তরুণীর পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করলেন দুই মুসলিম মহিলা সহযাত্রী। তাঁদের তৎপরতায় নিরাপদেই জন্ম নিল এক নবজাতক, আর সেই ঘটনাই এখন ছড়িয়ে পড়েছে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।ঘটনা টি ঘটেছে গত ২৬ এপ্রিল বেঙ্গালুরু এক্সপ্রেসে। তরুণীর নাম পোনাম্মা। তাঁর গন্তব্য ছিল মহিসুরু। কিন্তু যাত্রাপথেই আচমকা প্রসব বেদনা শুরু হয়। ধীরে ধীরে যন্ত্রণা তীব্র হতে থাকলে তাঁর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। পরিস্থিতি বুঝে লোকো পাইলট বানতল তালুকের বিসি রোড স্টেশনে ট্রেন থামান এবং দ্রুত স্বাস্থ্যকর্মীদের খবর দেওয়া হয়।কিন্তু চিকিৎসক পৌঁছতে দেরি হওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। সেই সময়েই এগিয়ে আসেন ট্রেনের দুই মুসলিম মহিলা সহযাত্রী। কোনও দ্বিধা না করে তাঁরা পোনাম্মাকে ট্রেনের শৌচালয়ে নিয়ে যান এবং সেখানেই শুরু করেন প্রসবের ব্যবস্থা। রেলকর্মীরাও তাঁদের সহযোগিতা করেন।শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা পৌঁছানোর আগেই তাঁদের সহায়তায় শৌচালয়ের মধ্যেই সন্তানের জন্ম দেন পোনাম্মা। পরে বানতল স্টেশনের কর্তৃপক্ষ দ্রুত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে মা ও নবজাতককে হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছে।এই ঘটনা আবারও প্রমাণ করল—সংকটের সময়ে মানুষই মানুষের সবচেয়ে বড় ভরসা। ধর্ম, পরিচয়, বিভাজন—সবকিছু ভুলে মানবিকতার হাত বাড়িয়ে দিলে তবেই গড়ে ওঠে প্রকৃত সম্প্রীতির ভারত।