এআইডিওয়াইও-র ৬০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রা ও সর্বভারতীয় যুব সমাবেশ!

আহমদ হুসাইন লস্কর আসাম : বিপ্লবী যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)-এর গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে সারা বছরব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটল কলকাতায় অনুষ্ঠিত বর্ণাঢ্য পদযাত্রা ও সর্বভারতীয় যুব সমাবেশের মাধ্যমে। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের সূচনায় কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় আসাম-সহ দেশের ২০টি রাজ্য থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পদযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কর্ণাটকের কমরেড বাগেবাড়ি, মধ্যপ্রদেশের প্রমোদ নামদেব এবং পশ্চিমবঙ্গের অঞ্জন মুখার্জি। সভায় সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র অফিস সেক্রেটারি কমরেড বিজয় মল্লিক।পদযাত্রা শেষে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় যুব সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ সিং, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত গৌরী এবং এআইডিওয়াইও-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর।বক্তারা সংগঠনের ৬০ বছরের সংগ্রামী ঐতিহ্যের কথা তুলে ধরে দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের বক্তব্যে বেকারত্ব, হকার উচ্ছেদ, বিভিন্ন রাজ্যে বুলডোজার নীতি, দুর্নীতি, নারী নির্যাতন, মদ্যপান ও মাদকাসক্তির প্রসার, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।আয়োজকদের দাবি, এই পদযাত্রা ও সমাবেশে ২ হাজারেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও যুবসমাজের বিভিন্ন দাবি-দাওয়া এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন আরও জোরদার করা হবে।