মোদীর জন্মদিনে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি, মেদিনীপুরে এক লক্ষ মাটির প্রদীপ বিতরণের উদ্যোগ!

সেখ ওয়ারেশ আলী : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। একইসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর টানা ২৫ বছরের রাজনৈতিক কর্মজীবন পূর্তিকে সামনে রেখে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুরু হয়েছে ‘আশীর্বাদের প্রদীপ’ বা ‘আশীর্বাদের দিয়া’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যাস্তের পর সন্ধ্যা ৭টায় নিজেদের বাড়ি ও ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত।প্রদীপ বিতরণের পাশাপাশি বিধায়ক সাধারণ মানুষকে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ে প্রদীপ প্রজ্বলনে অংশ নেওয়ার আহ্বান জানান। আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দেশবাসীর সমষ্টিগত সংকল্পের প্রতীক হিসেবেই এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি নেওয়া হয়েছে।

মেদিনীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোট এক লক্ষ মাটির প্রদীপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবেও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি ও ধর্মীয় স্থানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচিকে ব্যাপক আকার দেওয়ার প্রস্তুতি চলছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।