ভোট দিয়েই বিস্ফোরক অভিষেক! বিজেপির বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, ৪ তারিখে ফলেই জবাবের হুঁশিয়ারি!
নিজস্ব সংবাদদাতা : ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম চলছে। বিশেষ করে ডায়মন্ড হারবারের ফলতায় উত্তরপ্রদেশ থেকে আসা এক পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের দাবি, ওই আধিকারিক নিজের এক্তিয়ারের সীমা ছাড়িয়ে কাজ করছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভোটের দিন বিজেপি তাদের সমস্ত কৌশল প্রয়োগ করছে। ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ তুলে অভিষেক জানান, বিরোধীদের দমাতে কোনও শক্তিকেই কাজে লাগাতে বাকি রাখেনি বিজেপি। তবে এত কিছুর পরেও আত্মবিশ্বাসী শোনায় তাঁর গলায়। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “৪ তারিখ ফল ঘোষণার পরে তৃণমূলের ফলই সব প্রশ্নের জবাব দেবে।”