নন্দীগ্রামে ‘অন্তর্ঘাত’ ইস্যুতে কড়া বার্তা, কর্মীদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
অভিজিৎ সাহা: গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে দলের অন্দরের কোন্দল ও অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গই ফের সামনে এনে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পবিত্র করের সমর্থনে নন্দীগ্রামে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক স্পষ্ট করেন, গতবার দলের ভিতর থেকেই প্রার্থীকে হারানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ পেয়েছেন তিনি। তাই এবারের নির্বাচনে শুরু থেকেই তিনি নিজে নন্দীগ্রামের পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান।পশ্চিম মেদিনীপুরে দুইটি জনসভা সেরে বিকেলে নন্দীগ্রামে পৌঁছে কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, আগামী ২৫ দিন সংগঠনের কাজে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। ভয় বা চাপে পিছিয়ে না গিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এবার নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর, যিনি একসময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “এবার ঘরের ছেলেকেই প্রার্থী করা হয়েছে। এই মাটিকে ‘পবিত্র’ করতে হবে।” দলের অন্দরে অবিশ্বাসের পরিবেশ নিয়েও সরব হন তিনি। স্থানীয়ভাবে প্রচলিত ‘সকালে তৃণমূল, রাতে শুভেন্দু’ মন্তব্যের উল্লেখ করে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন অভিষেক। এছাড়াও কেন্দ্রীয় সংস্থার চাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেউ যদি তদন্ত সংস্থার নোটিস পান, তার আইনি মোকাবিলার দায়িত্ব তিনি নেবেন। সভা থেকে হুঙ্কারের সুরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ফল ঘোষণার পর উৎসবের আবহ তৈরি হবে— “রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।”নন্দীগ্রামে ভোটের আগে এই বার্তা তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।