ট্রাক আটকে ঘুষ চাওয়ার অভিযোগ, দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টর সাময়িক বরখাস্ত!

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনের প্রতিটি স্তরে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করার বার্তা দিয়ে রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভিযোগ, রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক (নম্বর: JH09BA3535) বেআইনিভাবে আটকে চালকের উপর ঘুষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি, রাজ্য সরকার ইতিমধ্যেই বিলুপ্ত করেছে এমন একটি করের নাম করে ট্রাক মালিকের কাছ থেকে বেআইনিভাবে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগও ওঠে।

অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে পরিবহণ দপ্তর। রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড আপিল) রুলস, ১৯৭১-এর ৭(১)(ক) ধারায় অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-এর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, অন্যায়ভাবে আটক করা যানবাহন দ্রুত ছেড়ে দেওয়া এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার কিংবা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পশ্চিমবঙ্গ সরকারের দাবি, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। প্রশাসনের সর্বস্তরে সেই নীতি কার্যকর করতেই এই কঠোর পদক্ষেপ।