খাকুড়দায় কৃতীদের সংবর্ধনা, সম্মানিত আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি
নিজস্ব সংবাদদাতা : শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সাফল্যকে সম্মান জানাতে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভগবতী দেবী পিটিআইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবিকে। পাশাপাশি নারায়ণগড় ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি, সভার সভাপতি কার্তিক চন্দ্র আচার্য, ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন আফরিন জাবির পিতা পিয়ার আলি, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মানুষজন।বিধায়ক রামপ্রসাদ গিরি তাঁর বক্তব্যে কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে।” সভার সভাপতি কার্তিক চন্দ্র আচার্য বলেন, “এই সম্মানই ভবিষ্যতের আরও বড় দায়িত্বের সূচনা।”অনুষ্ঠানের শেষে সবুজায়নের বার্তা দিতে অতিথি ও কৃতীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে খাকুড়দা এলাকায় উৎসাহ ও উচ্ছ্বাস চোখে পড়ে।