ভোটার তালিকা থেকে নাম বাদ অভিনেতা প্রকাশ রাজের! ‘খেলা শুরু হোক’, সরব তারকা!
নিজস্ব সংবাদদাতা : কর্নাটকে চলা বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়েছে বলে দাবি করলেন অভিনেতা প্রকাশ রাজ। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় তিনি জানান, বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রের প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার যে দাবি উঠেছে, তাঁদের মধ্যেই তাঁর নামও রয়েছে।প্রকাশ রাজ বলেন, বেঙ্গালুরুতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এই শহরেই স্কুল-কলেজ, থিয়েটার এবং অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে তাঁর। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।ভিডিয়োবার্তায় প্রকাশ রাজ বলেন, “SIR-এর পরে বেঙ্গালুরু কেন্দ্রের যে ৬৫ লক্ষ ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আমিও একজন। বেশ মজার ব্যাপার, তাই না? এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই থেকেছি। এখান থেকেই সাংসদ পদে প্রার্থী হয়েছিলাম। খেলা শুরু হোক।”
ভোটার তালিকায় নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং কী কী নথি জমা দিতে হবে, সেটিও তিনি খতিয়ে দেখবেন বলে জানান।প্রকাশ রাজের বিরুদ্ধে এর আগে একাধিক ভোটার পরিচয়পত্র রাখার অভিযোগও উঠেছিল। গত মাসে এই সংক্রান্ত মামলায় বেঙ্গালুরুর একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বলে জানা যায়। পরে শর্তসাপেক্ষে জামিন পান অভিনেতা। অভিযোগ ছিল, তাঁর নামে কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে একাধিক ভোটার পরিচয়পত্র রয়েছে।এদিনের ভিডিয়োবার্তায় প্রকাশ রাজ ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে বলেন, ক্ষমতার ব্যবহার করে এমন নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যেতে পারে, যারা হয়তো শাসককে ভোট দেবেন না। তবে তাঁদের থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।তাঁর এই মন্তব্য ঘিরে কর্নাটকের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।