কালীঘাটে পুজো দিয়ে গৌতম আদানি, কলকাতায় ৪ হাজার কোটির বিনিয়োগের ঘোষণা!
পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় : কলকাতায় পা রেখেই বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সস্ত্রীক কালীঘাটে গিয়ে দেবীর দর্শন ও আরতিতে অংশ নেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি। এরপরই কলকাতায় তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হয়। দিনের অন্যতম বড় ঘোষণা আসে নিউ টাউনে—প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলেছে ২ হাজার শয্যার অত্যাধুনিক বহুমুখী হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’।বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পৌঁছন গৌতম আদানি ও তাঁর স্ত্রী। মন্দিরের গর্ভগৃহে গিয়ে দেবীর দর্শন করেন তাঁরা। পাশাপাশি মন্দিরের আরতিতেও অংশ নেন গৌতম আদানি। সব মিলিয়ে প্রায় আধ ঘণ্টা মন্দির চত্বরে ছিলেন তিনি।মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও বিস্তারিত কোনও মন্তব্য করেননি আদানি। শুধু বলেন, “জয় মা কালী।”
এরপরই তিনি নিউ টাউনের উদ্দেশে রওনা দেন।নিউ টাউনের অ্যাকশন এরিয়া-২ এলাকায় বৃহস্পতিবার ‘আদানি আরোগ্য মন্দির’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বড় বিনিয়োগের ঘোষণা করেন গৌতম আদানি। তাঁর বক্তব্য অনুযায়ী, ২ হাজার শয্যার এই বহুমুখী হাসপাতাল তৈরিতে প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিকাঠামোয় এই প্রকল্পের পাশাপাশি রাজ্যে আরও শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।গৌতম আদানির কলকাতা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে।
সূত্রের খবর, বৈঠকে সম্ভাব্য নতুন শিল্পপ্রকল্প ও বিনিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন নগর পুনর্নবীকরণ উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে। আলোচনার সম্ভাব্য বিষয়গুলির মধ্যে রয়েছে কুমোরটুলি ঘাটের পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার।
অর্থাৎ, কালীঘাটে পুজো দিয়ে শুরু হওয়া গৌতম আদানির কলকাতা সফরে একদিকে যেমন ধর্মীয় কর্মসূচি, অন্যদিকে তেমনই রয়েছে বড় অঙ্কের শিল্প ও স্বাস্থ্য পরিকাঠামোয় বিনিয়োগের ঘোষণা। নিউ টাউনে প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’ বাস্তবায়িত হলে কলকাতার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় এটি একটি বড় প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে।