সমুদ্রের প্রতিকূলতাকে উপেক্ষা করে ক্যাটালিনায় অর্ধেকের বেশি পথ পেরোলেন আফরিন,৭.৫ ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার
নিজস্ব সংবাদদাতা :প্রতিকূল সমুদ্র পরিস্থিতিকেও উপেক্ষা করে একের পর এক স্ট্রোক নিয়ে এগিয়ে চলেছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। সমাজ মাধ্যম থেকে জানা গিয়েছে,ক্যাটালিনা চ্যানেল পাড়ি দেওয়ার চ্যালেঞ্জে ইতিমধ্যেই ৭.৫ ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।
চ্যানেলের অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে এখন লক্ষ্য বাকি দূরত্ব জয় করা।তবে এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি মোটেই সহজ নয়। জানা গিয়েছে, সমুদ্রে বাতাসের গতি রয়েছে প্রায় ২.৩ মিটার/সেকেন্ড। বাতাসের দিক ২৭৬.২ ডিগ্রি এবং ঢেউয়ের উচ্চতা প্রায় ০.৯ মিটার। পাশাপাশি প্রায় ০.২ মিটার/সেকেন্ড গতির স্রোতও রয়েছে।
জলের তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুচাপ 1010.3 hPa প্রবল বাতাস, ঢেউ এবং স্রোতের প্রতিকূলতার কারণে সামনে এগোনোর লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। প্রতিটি স্ট্রোকেই বাড়তি শক্তি প্রয়োগ করতে হচ্ছে আফরিনকে। তবুও হাল ছাড়েননি তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকভাবে সাঁতার কেটে এগিয়ে চলেছেন মেদিনীপুরের এই তরুণী। ইংলিশ চ্যানেল ও পক প্রণালী পেরিয়ে এবার আফরিনের লক্ষ্য ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল জয়।
সেই লক্ষ্যেই দীর্ঘ সময় ধরে কঠোর প্রস্তুতি নিয়েছেন তিনি। চলতি অভিযানে চ্যানেলের অর্ধেকের বেশি পথ পেরিয়ে যাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন তাঁর পরিবার, সাপোর্ট টিম এবং শুভাকাঙ্ক্ষীরা।দূরে থেকেও আফরিনের বাবা ও সাপোর্ট টিম প্রতিটি মুহূর্তের খবর রাখছেন। তাঁর সাফল্য কামনায় প্রার্থনা করছেন অসংখ্য মানুষ। এখন প্রতিকূল সমুদ্রের সঙ্গে লড়াই করে বাকি পথটুকু পেরিয়ে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা।একটি একটি স্ট্রোক, আর এগিয়ে চলা—ক্যাটালিনা চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন আফরিন।