২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, ১ অগস্ট রবীন্দ্র সদনে যোগ দেবেন অনুষ্ঠানে!
নিজস্ব সংবাদদাতা : প্রায় দুই দশক পর ফের কলকাতায় আসতে চলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ওসমান মল্লিক সমাজমাধ্যমে অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে তসলিমা নাসরিনের কলকাতা সফরের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টারে তাঁকে ‘মৌলবাদবিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে, তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তাঁকে কলকাতায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগ ছিল। অগ্নিমিত্রা পালের কথায়, “তসলিমা নাসরিন আবার কলকাতায় আসছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।
আজ সকালেও তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান লেখিকা। এত বছর তাঁকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকতে হয়েছে।” প্রসঙ্গত, ২০২৫ সালে তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার দাবিতে রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। সেই সময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, তসলিমা নাসরিনের কলকাতায় আসার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কোনও আইনি বাধা নেই। পরে শমীক ভট্টাচার্য বলেছিলেন, “তসলিমা নাসরিন একজন বাঙালি লেখিকা। তিনি বাংলায় লেখেন, তাঁর পাঠকরাও বাঙালি। তাহলে কেন তাঁকে বছরের পর বছর বাংলা থেকে দূরে থাকতে হবে? যাঁদের জন্য তিনি লেখেন, তাঁদের মধ্যেই তাঁর থাকার অধিকার রয়েছে।” দীর্ঘ প্রায় ২০ বছর পর তসলিমা নাসরিনের কলকাতা সফরকে ঘিরে ইতিমধ্যেই সাহিত্য ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এই প্রত্যাবর্তন রাজ্যের সাংস্কৃতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।