৪০ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক! বলিভিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লায়ন্স অফ মেসোপটেমিয়া!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে জায়গা করে নিল ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মহারণে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল তারা। ১৯৮৬ সালের পর এই প্রথম আবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা যাবে এশিয়ার এই দলকে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরাক। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই আলি আল-হামাদির গোলে এগিয়ে যায় তারা। প্রথম ধাক্কা সামলে বলিভিয়াও পাল্টা আক্রমণে ঝাঁপায়। তারই ফল মেলে ম্যাচের ৩৮ মিনিটে, যখন মইজেস পানিয়াগুয়া সমতা ফেরান

১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত ফুটবল খেলতে দেখা যায় ইরাককে। জয় নিশ্চিত করার লক্ষ্যে আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা। ম্যাচের ৫৩ মিনিটে আয়মান হুসেইনের জয়সূচক গোলে আবার এগিয়ে যায় ইরাক। শেষ পর্যন্ত সেই ব্যবধান আর মুছে দিতে পারেনি বলিভিয়া। ফলে ঐতিহাসিক জয় তুলে নেয় ইরাক।এর আগে শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। সেবার অবশ্য গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা। তবে এবার ৪০ বছর পর নতুন স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে ফিরছে ‘লায়ন্স অফ মেসোপটেমিয়া’।এদিকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পরই ভেন্যু পরিবর্তন নিয়ে জল্পনায় জল ঢেলে দিল ফিফা

ফিফা সভাপতি Gianni Infantino স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সূচি অনুযায়ী যে ভেন্যুতে ম্যাচ হওয়ার কথা, সেখানেই খেলতে হবে Iran national football team-কে। যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনও বিকল্প পরিকল্পনা নেই বলে তিনি সাফ জানিয়েছেন।ইনফান্তিনোর কথায়, “ইরান বিশ্বকাপে খেলবে। যেখানে ওদের ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানেই হবে। কোনও প্ল্যান বি নেই।” তিনি আরও জানান, ইরানের কোচ ও ফুটবলারদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং আপাতত অংশগ্রহণ নিয়ে কোনও সমস্যা নেই।সব মিলিয়ে, একদিকে ইরাকের ঐতিহাসিক প্রত্যাবর্তন, অন্যদিকে ফিফার কড়া অবস্থান—বিশ্বকাপের আগে ফুটবল মহলে বাড়ছে উত্তেজনা।