৪৫ বছর পর নিজের কলেজে ফিরলেন বিধায়ক প্রদীপ প্রধাণ, সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত গড়বেতায়!

অভিজিৎ সাহা: গড়বেতার সদ্য নির্বাচিত বিধায়ক প্রদীপ প্রধাণকে সংবর্ধনা জানাল গড়বেতা কলেজ কর্তৃপক্ষ। গড়বেতার ভূমিপুত্র হিসেবে তাঁর বিধায়ক নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন এলাকার মানুষ। আর এই বিশেষ দিনটি প্রদীপ প্রধাণের কাছেও ছিল অত্যন্ত আবেগঘন, কারণ এই গড়বেতা কলেজ থেকেই একসময় পড়াশোনা করেছিলেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদীপবাবু জানান, ১৯৮০ সালে কলেজ ছাড়ার পর আজকের আগে আর কখনও কলেজে প্রবেশের সুযোগ পাননি, যা তাঁর মতে রাজনৈতিক কারণেই ঘটেছিল। বহু বছর পর নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কলেজের অধ্যক্ষ তাঁকে সংবর্ধনা জানান এবং কলেজের উন্নয়নে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক।এরপর তিনি যান চন্দ্রকোনা টাউনে, যেখানে পশ্চিম মেদিনীপুর কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, প্রদীপ প্রধাণ বর্তমানে কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রদীপ প্রধাণ জানান, আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ ব্যবসায়ীদের উন্নয়নে আগামী দিনে যা যা করণীয়, তা তিনি করার চেষ্টা করবেন।