ইংলিশ চ্যানেলের পর এবার পক প্রণালী— নতুন ইতিহাস গড়তে সমুদ্রে নামছেন মেদিনীপুরের কন্যা আফরিন!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের গর্ব, বাংলার গর্ব, দেশের গর্ব—সেই সাহসিনী আফরিন আবারও প্রস্তুত এক নতুন দুঃসাহসিক অভিযানের জন্য। ইংলিশ চ্যানেল জয় করার পর এবার তাঁর লক্ষ্য আরও এক কঠিন চ্যালেঞ্জ—পক প্রণালী পেরোনো। অদম্য জেদ, কঠোর পরিশ্রম আর অপ্রতিরোধ্য মানসিক শক্তিকে সঙ্গী করে ইতিহাসের পথে হাঁটছেন এই তরুণ সাঁতারু। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সুইমিং ক্লাবের এই কৃতি সাঁতারু ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম উজ্জ্বল করেছেন। এবার তিনি নামতে চলেছেন এমন এক জলপথে, যা প্রাকৃতিক প্রতিকূলতা, স্রোত ও অনিশ্চয়তার জন্য সাঁতারুদের কাছে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত।

ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি।

আগামী ৪ মে থেকে ১৪ মে-র মধ্যে এক দুঃসাহসিক সাঁতার অভিযানে ‘পক প্রণালী’ (Palk Strait) অতিক্রম করতে চলেছেন এক সাহসী সাঁতারু। এই চ্যালেঞ্জিং অভিযানের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নিয়েছে রোটারি ক্লাব ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

এই উপলক্ষে রোটারি ক্লাব ও হাসপাতাল চেয়ারম্যান আফরিন জাবির হাতে ৫.৮৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে শহরের বিভিন্ন সংগঠন, সমিতি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সমাজকর্মী, চিকিৎসক এবং হাসপাতালের সদস্য ও কর্মীরা। প্রায় ১৩৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথের একটি নির্দিষ্ট অংশ—প্রায় ৩৫ কিলোমিটার—সাঁতরে পেরোনোর লক্ষ্য নিয়েছেন আফরিন।

আগামী ১ মে, ২০২৬ মেদিনীপুর থেকে রওনা হবেন তিনি। ৪ থেকে ১৪ মে-র মধ্যে আবহাওয়া ও সাগরের পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে তাঁর সাঁতার শুরু করার দিন। তামিলনাড়ুর রামেশ্বরম থেকে শুরু হবে এই অভিযাত্রা, যার শেষ গন্তব্য শ্রীলঙ্কার উপকূল।

এই অভিযানের তাৎপর্য শুধু ক্রীড়াক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এবারের নির্বাচনের আইকন হিসেবেও নির্বাচিত হয়েছেন আফরিন। তাঁর এই প্রচেষ্টা যুবসমাজকে সাহস, অধ্যবসায় এবং লক্ষ্যে অটল থাকার বার্তা দেবে বলেই মনে করছেন অনেকেই। স্থানীয় মানুষ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী—সকলেই এখন তাকিয়ে এই মেয়েটির দিকে। কারণ, আফরিন শুধু একজন সাঁতারু নন, তিনি এক অনুপ্রেরণা, এক লড়াইয়ের প্রতীক। সব বাধা পেরিয়ে আবারও কি নতুন ইতিহাস লিখবেন আফরিন?