খাদ্য সুরক্ষা দপ্তরের পর এবার পথে বিধায়ক! মেদিনীপুরের বিরিয়ানি দোকানে আচমকা পরিদর্শন

সেখ ওয়ারেশ আলী: খাবারের গুণগত মান থেকে শুরু করে রান্নাঘরের পরিচ্ছন্নতা—রেস্টুরেন্টগুলিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে এবার সরেজমিনে পরিদর্শনে নামলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত।সম্প্রতি মেদিনীপুর শহরের একাধিক রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তর। সেই অভিযানে খাবারের গুণগত মান, প্রস্তুত প্রণালী এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। এবার একই বিষয়কে সামনে রেখে শহরের একটি বিরিয়ানি দোকানে পৌঁছলেন বিধায়ক।পরিদর্শনের সময় খাবার তৈরির পরিবেশ, দোকানের সামগ্রিক পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা এবং রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি দোকানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চান।সাধারণ মানুষের পাতে যে খাবার পৌঁছচ্ছে, তা কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত—এই প্রশ্নকে সামনে রেখেই বিধায়কের এই পরিদর্শন বলে জানা গিয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের পর জনপ্রতিনিধির সরেজমিনে পরিদর্শনকে ঘিরে মেদিনীপুর শহরের খাদ্য ব্যবসায়ীদের মধ্যেও আলোচনার সৃষ্টি হয়েছে।