ভারত জোড়োর পর ফের বড় পদক্ষেপ, যুবশক্তিকে সঙ্গে নিয়ে পথে রাহুল
নিজস্ব সংবাদদাতা : দেশের ছাত্র-যুব সমাজকে একত্রিত করতে নতুন দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করল কংগ্রেস। আগামী ১৭ জুন রাজস্থানের কোটা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে শুরু হবে এই অভিযান। বেকারত্ব, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সরব হতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল।কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, শিক্ষাবিদ ও যুব সংগঠনগুলিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা হবে। কোটা ছাড়াও আগামী ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে কর্মসূচি অনুষ্ঠিত হবে।দলের দাবি, দেশের তরুণ প্রজন্মকে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার শিকার হতে দেওয়া যাবে না। নিট প্রশ্নফাঁস কাণ্ড, পরীক্ষার ফি সংক্রান্ত সমস্যা এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও বিশ্ববিদ্যালয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।রাজনৈতিক মহলের মতে, যুবসমাজের মধ্যে নিজেদের প্রভাব আরও বাড়াতেই ‘ভারত জোড়ো’-র ধাঁচে এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস।