দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার বিমান হামলা, বৈরুত কাঁপছে বিস্ফোরণে — উত্তেজনা চরমে!
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। দক্ষিণ লেবানন-এ একের পর এক ইসরায়েলি বিমান হামলার খবর মিলছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাতে জানা গিয়েছে, দক্ষিণ টাইরের আল শাহাবিয়া জেলায় একটি আবাসিক বাড়িতে এবং রাজধানী বৈরুত-এর দক্ষিণ উপকণ্ঠে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া বৈরুতের এলাকাগুলির মধ্যে রয়েছে ঘোবেইরি, হারেত হরেক এবং বীর আল-আবেদ।
পাশাপাশি নাবাতিয়েহ অঞ্চলও নতুন করে বোমাবর্ষণের মুখে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি। তবে সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।ইসরায়েলের দাবি, নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহ-র শক্ত ঘাঁটি রয়েছে, সেই কারণেই বারবার সেখানে হামলা চালানো হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া আক্রমণে ইতিমধ্যে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠেছে। মধ্যরাতের পর থেকে নতুন করে হামলার ঢেউ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রাজধানীর পূর্ব অংশে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিস্ফোরণের অভিঘাতও টের পেয়েছেন বাসিন্দারা। তবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।রাতের অন্ধকারে ইরানের কুর্দি অধ্যুষিত শহর সানন্দজ, সাক্কেজ ও বুকানেও হামলার খবর মিলেছে। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের ১৫০-র বেশি শহরে আঘাত হানা হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই ইসরায়েল ও এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ১৯তম দফার আক্রমণের ঘোষণা করেছে।মধ্যপ্রাচ্যে সংঘাতের এই বহুমুখী বিস্তার গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।