পাঁশকুড়া বনমালী কলেজে AIDSO-র ছাত্র সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণ চন্দ্র নায়ক:শিক্ষার উপযুক্ত পরিকাঠামো উন্নয়ন, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চালু হওয়া চার বছরের ডিগ্রি কোর্স বাতিল এবং কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে ছাত্র আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে ছাত্র সম্মেলন করল AIDSO। ১৩ সেপ্টেম্বর বিকেলে পাঁশকুড়ার নজরুল ভবনে পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের রক্তিম পতাকা উত্তোলন ও শহিদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। এরপর সম্মেলনের মূল প্রস্তাব পাঠ করেন সহিষ্ণুতা মাজী। কলেজের বিভিন্ন বিভাগ থেকে আসা ছাত্রছাত্রী প্রতিনিধিরা মূল প্রস্তাবের সমর্থনে নিজেদের মতামত তুলে ধরেন। শিক্ষার পরিবেশ উন্নত করা এবং কলেজের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIDSO-র রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সন্দীপন জানা-সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে সন্দীপন জানা সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে ছাত্রছাত্রীদের যুক্তিবিজ্ঞান চর্চা, মনীষীদের জীবন ও স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। উন্নত সংস্কৃতিবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি কলেজের অভ্যন্তরে যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলন গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।সম্মেলনের শেষে আগামী দিনের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহিষ্ণুতা মাজী এবং সহ-সভাপতি হয়েছেন সরণজিৎ মাইতি। সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপম জানা এবং সহ-সম্পাদক দীপান্বিতা মাজী। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনুভব রায় এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাপসী গিরি।শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার দাবিতে কলেজের অভ্যন্তরে আন্দোলনকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।