কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আইনজীবী, তদন্তে নামল NIA—চাঞ্চল্য মালদহে!
অভিজিৎ সাহা: মালদহের কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য পেল প্রশাসন। বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় এক সহযোগী-সহ তাঁকে আটক করা হয়।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিচারক ও আদালতকর্মীদের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে National Investigation Agency (NIA)-র হাতে।
সূত্রের খবর, Supreme Court of India-এর নির্দেশ মেনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে NIA-কে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করতে NIA-র একটি বিশেষ দল কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে।প্রশাসনের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে।
সেই সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার ঘটনায় কারা কারা যুক্ত, তাদের ভূমিকা কী—সবকিছুই খুঁটিয়ে তদন্ত করবে NIA।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে, অন্যদিকে প্রশাসনের তরফে দ্রুত ও কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। কালিয়াচক কাণ্ড এখন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা রাজ্যের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।