পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল দিল্লি-অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্ত শুরু!

নিজস্ব সংবাদদাতা : দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছিল গত ২২ জুন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিমান চলাচল ও নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে তারা অবগত। বিষয়টি ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে জানানো হয়েছে। পাশাপাশি কীভাবে এবং কোন পরিস্থিতিতে বিমানটি নির্ধারিত রুট থেকে সরে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করল, তা খতিয়ে দেখতে সংস্থার অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।যাত্রীদের নিরাপত্তা বা বিমানটির যাত্রাপথে কোনও বিপদের পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে ঘটনাটির প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করা হবে বলে মনে করা হচ্ছে।এই ঘটনায় বিমানটির উড়ান পরিচালনা, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ এবং রুট পরিকল্পনা—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।