ইরানে ফের রক্তক্ষয়ী হামলা, মার্কিন-ইজরায়েলি স্ট্রাইকে শিশু-সহ ১৮ নিহত!

নিজস্ব সংবাদদাতা :  ইরানে ফের ভয়াবহ রক্তক্ষয়ী হামলার খবর সামনে এল। মঙ্গলবার রাতভর উত্তর-পশ্চিম তেহরানের আলবোর্জ প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন ও ইজরায়েলি যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে শিশু থাকার খবরও মিলেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক রিপোর্টে আরও বহু মানুষ আহত হওয়ার কথা জানানো হয়েছে।ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাতভর একাধিক দফায় আলবোর্জের জনবসতিপূর্ণ এলাকায় আকাশপথে হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু পরিবার ঘুমের মধ্যেই হামলার মুখে পড়ে বলে স্থানীয় সূত্রের দাবি। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে এখনও নিখোঁজদের খোঁজ করছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই হামলার পর রক্তাক্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভেঙে পড়া বাড়ির নীচে আটকে পড়াদের উদ্ধারে রাতভর তৎপর থাকে উদ্ধারকারী দল। শিশু ও সাধারণ নাগরিকদের মৃত্যু ঘিরে আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানপন্থী সংবাদমাধ্যমগুলির দাবি, এই হামলায় সরাসরি লোকালয় নিশানা করা হয়েছে, যা নিয়ে মানবাধিকার মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা এই সংঘাতে তেহরান ও তার আশপাশের আবাসিক এলাকাগুলি এখন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। আলবোর্জের এই হামলা সেই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।