রেলগেটে গাফিলতির অভিযোগ, মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় ৪ পড়ুয়ার মৃত্যু, মৃত্যু হয়েছে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর
অভিজিৎ সাহা: মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ৪ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জামশেদ শেখ নামে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও বিপরীত দিক থেকে আসা ট্রেনের আগে সময়মতো গেট বন্ধ করা হয়নি। ঘটনার পর গেটম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে, যদিও বিষয়টি তদন্তাধীন। পূর্ব রেল ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। রেলের দাবি, সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না; গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারকে সাড়ে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে রেল।ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের উন্নত চিকিৎসা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।