বিজেপির ‘বুলডোজার রাজনীতি’র অভিযোগ, রাস্তায় নামার ডাক মমতার
অভিজিৎ সাহা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার চাপ বাড়ছে পুরসভাগুলিতেও। উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় কাউন্সিলরদের ইস্তফা ঘিরে যখন অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠক করলেন তৃণমূল নেত্রী Mamata Banerjee। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, “কেউ পদ ছাড়বেন না। ডিসেম্বর পর্যন্ত পুরসভার মেয়াদ রয়েছে, ততদিন মাটি আঁকড়ে থাকুন এবং মানুষের পাশে থাকুন।”হালিশহর, ভাটপাড়া ও গারুলিয়া পুরসভায় সংখ্যার সমীকরণ বদলে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে শাসকদলের অন্দরে। এই পরিস্থিতিতে কাউন্সিলরদের উদ্দেশে মমতার বার্তা, “আপনারা পদ ছাড়লেই বিজেপি ঝাঁপিয়ে পড়বে।” রাজনৈতিক চাপে পিছিয়ে না গিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি।শুক্রবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষ বন্ধ থাকায় ক্লাব ঘরে বৈঠক করতে হওয়াকে ‘বিজেপির গা-জোয়ারি’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই আন্দোলনে নামার নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের। সেই দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার মেয়র Firhad Hakim-কে।বৈঠকে উঠে আসে Abhishek Banerjee-র বাড়ির অংশ ভাঙার নোটিস প্রসঙ্গও। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে ‘বুলডোজার রাজনীতি’র অভিযোগ তুলে মমতার দাবি, প্রশাসনিক নিয়ম না মেনেই ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কাউন্সিলরদের উদ্দেশে তাঁর বার্তা, “ভয় পাবেন না, মানুষের জন্য কাজ চালিয়ে যান।”সবমিলিয়ে, কলকাতা পুরসভার মতো গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি যাতে হাতছাড়া না হয়, তার জন্যই কাউন্সিলরদের সংগঠিত রেখে রাজনৈতিক লড়াই জোরদার করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী।