গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট, মেদিনীপুরে মানবিক উদ্যোগে এগিয়ে এল বিজ্ঞান মঞ্চ
নিজস্ব সংবাদদাতা : প্রচণ্ড গরমে যখন রাজ্যের বিভিন্ন ব্লাড সেন্টারে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে, ঠিক সেই সময় মানবিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত কেন্দ্রীয় বিজ্ঞান সভার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর ব্লাড সেন্টারে একটি ইন-হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, রক্তদাতাদের মধ্যে ছিলেন ৪ জন মহিলা এবং ৬ জন প্রথমবারের মতো রক্তদান করে মানবিকতার এই মহান কর্মযজ্ঞে শামিল হন। নতুন রক্তদাতাদের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।শিবিরের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির কার্যকরী সভাপতি ড. দিলীপ চক্রবর্তী। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজাতা মাইতি, জেলা অফিস সম্পাদক চন্দ্রশেখর দাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ দাশ গোস্বামী, জেলা কমিটির সদস্য কাঞ্চন ভৌমিক, জেলা কাউন্সিল সদস্য সুদীপ খাঁড়া এবং বিশিষ্ট চিকিৎসক ডা: সুদীপ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় বিজ্ঞান সভার সম্পাদক তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ দাশ গোস্বামী রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্লাড সেন্টারগুলিতে রক্তের চাহিদা অনেক বেশি। এই সংকট কাটাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক রক্তদাতা তৈরির লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।”গ্রীষ্মের এই কঠিন সময়ে এমন উদ্যোগ শুধু সংকট মোকাবিলায় সাহায্য করছে না, বরং সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। “এক ফোঁটা রক্ত, বাঁচাতে পারে একাধিক প্রাণ”—এই বার্তাই যেন নতুন করে মনে করিয়ে দিল মেদিনীপুরের এই রক্তদান শিবির।