সতর্কবার্তার মাঝেই সমুদ্রে নেমে বিপত্তি,মৃত্যু ১৮ বছরের যুবকের, উদ্ধার দুই!
নিজস্ব সংবাদদাতা :ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যখন উপকূলজুড়ে আতঙ্কের পরিবেশ, তখনই তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক। তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গোবিন্দ পন্ডা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। বাকি দু’জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনকে অসুস্থ অবস্থায় কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় উপকূলবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর থানার অন্তর্গত এলাকার কয়েকজন ব্যক্তি বনভোজনের উদ্দেশ্যে তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। তাঁদের মধ্যে তিন জন সমুদ্রে স্নান করতে নামেন। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে কর্তব্যরত নুলিয়ারা দ্রুত তাঁদের সমুদ্র থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।কিন্তু প্রথমবার উদ্ধার পাওয়ার পরেও বিপদ কাটেনি। কিছুক্ষণ পর নুলিয়াদের নজর এড়িয়ে ওই তিন যুবক ফের সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় তাঁরা জলের স্রোতে তলিয়ে যেতে থাকেন। বিষয়টি নজরে আসতেই ফের উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিন জনকেই সমুদ্র থেকে উদ্ধার করা হয়।এরপর তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে গোবিন্দ পন্ডা নামে ১৮ বছরের যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। সবুজ বরণ সাউ নামে অপর এক যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য পর্যটক বিকাশচন্দ্র জানা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।