সরকারি পোশাকে রাজনৈতিক মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মী! ডোমকলে সিপিএম প্রার্থীকে ঘিরে তুমুল বিতর্ক!

অভিজিৎ সাহা : সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে। অভিযোগ, সরকারি অঙ্গনওয়াড়ি পরিষেবার নির্ধারিত পোশাক পরেই সিপিআই(এম) প্রার্থী Mostafizur Rahman-এর সমর্থনে মিছিলে অংশ নেন একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী, যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির ডোমকল ব্লকের উদ্যোগে একটি মিছিল বের হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান। অভিযোগ, মিছিল চলাকালীন একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী প্রকাশ্যে তাঁর সমর্থনে স্লোগান তোলেন এবং ভোট দেওয়ার আবেদন জানান।প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেক কর্মীই সরকারি নির্ধারিত পোশাক পরে ছিলেন। সেই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শাসক ও বিরোধী—উভয় পক্ষ থেকেই প্রশ্ন উঠছে, সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা কীভাবে সরকারি পোশাকে কোনও রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে পারেন।ডোমকলের তৃণমূল প্রার্থী Humayun Kabir কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সরকারি পোশাক পরে রাজনৈতিক সমর্থনে যাওয়া সম্পূর্ণ অনুচিত। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।”এ প্রসঙ্গে ডোমকলের এসডিও Shubhankar Bala জানান, “সরকারি পোশাক পরে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের কোনও নির্দেশ নেই। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান। তাঁর দাবি, “মানুষের আবেগ থেকেই এই সমর্থন এসেছে। অঙ্গনওয়াড়ি ইউনিয়নের ডাকে অনেকেই সরাসরি সেন্টার থেকে এসেছিলেন, তাই হয়তো সরকারি পোশাকেই ছিলেন। বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মীদের নিরপেক্ষতা, প্রশাসনিক বিধি এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভোটের মুখে ডোমকলের এই বিতর্ক যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।