নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ, ডিগ্রি টি.বি. হাসপাতালে বিধায়কের হানা
অভিজিৎ সাহা : দীর্ঘদিন ধরে ডিগ্রি টি.বি. হাসপাতাল (এম. আর. বাঙ্গুর টি.বি. স্যানাটোরিয়াম) নিয়ে রোগী, হাসপাতাল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের জেরে সরেজমিনে পরিদর্শনে যান শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও রোগী পরিষেবার বেহাল চিত্র সামনে আসে। অভিযোগ, হাসপাতালে গ্রুপ-ডি কর্মীর তীব্র অভাব রয়েছে, বেডগুলির অবস্থা অত্যন্ত খারাপ এবং হাসপাতাল চত্বরে নোংরা পরিবেশ বিরাজ করছে। এছাড়াও হাসপাতাল সুপারের অনিয়মিত উপস্থিতি, জঙ্গলাকীর্ণ হাসপাতাল চত্বর, পরিত্যক্ত ভবনে চুরি এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব নিয়েও অভিযোগ ওঠে। নার্সদের একাংশ জানান, নিরাপত্তাহীন পরিবেশে ডিউটি করতে তাঁদের ভয় লাগে। রোগী ও তাঁদের পরিজনেরাও পর্যাপ্ত পরিষেবা ও খাবার না পাওয়ার অভিযোগ তুলেছেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিধায়ক বিমান মাহাতো বলেন, সরকারি হাসপাতালের এই বেহাল অবস্থা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রোগীদের উন্নত চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের পরিকাঠামো, নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। হাসপাতালের বর্তমান পরিস্থিতি ঘিরে এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।