পয়লা জুন থেকেই চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা নতুন সরকারের

অভিজিৎ সাহা: রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এবার বড় সামাজিক প্রকল্প হিসেবে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। সরকার সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া শুরু হবে। প্রত্যেক উপভোক্তা মহিলা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। নির্বাচনী প্রচারে বারবার দাবি করা হয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে নবনির্বাচিত প্রশাসন। এর আগে তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। বিজেপি নির্বাচনী ইস্তাহারে সেই অর্থ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার নতুন প্রকল্পের মাধ্যমে মাসিক ৩০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারি মহলের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং সংসারের দৈনন্দিন খরচে সহায়তা করা। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই প্রকল্পে কারা উপভোক্তা হবেন, কীভাবে আবেদন করতে হবে এবং কোন নথি প্রয়োজন হবে— তা নিয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। খুব শীঘ্রই এ বিষয়ে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।