অন্নপূর্ণার টাকা মিলছে না, ফের খড়গপুরে পথ অবরোধে মহিলারা

সেখ ওয়ারেশ আলী:অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের পথে নামলেন খড়গপুরের মহিলারা। বুধবার সকালে খড়গপুরের কৌশল্যা এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা তাঁরা পাচ্ছেন না। একই সঙ্গে বিধবা ভাতাবার্ধক্য ভাতা চালুর দাবিও তোলেন তাঁরা।এদিন ‘খড়গপুর মহিলা সমিতি’ লেখা ফ্লেক্স হাতে নিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের মহিলারা রাস্তায় নেমে পড়েন। সকালেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় দীর্ঘ যানজট। সমস্যায় পড়েন নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া-সহ সাধারণ মানুষ।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে এর আগেও বিক্ষোভে নেমেছিলেন ওই এলাকার মহিলারা। গত সোমবার খড়গপুর পুরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুরপ্রধান কল্যাণী ঘোষকে ঘেরাও করেন তাঁরা। নিজেদের দাবি-দাওয়া নিয়ে পুরপ্রধানের কাছে অভিযোগ জানান বিক্ষোভকারীরা। পুরপ্রধানের আশ্বাসের পর সেদিনের মতো অবরোধ তুলে নেওয়া হয়েছিল।তবে অভিযোগ, এখনও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই বুধবার ফের রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন তাঁরা বলে দাবি আন্দোলনকারীদের। অন্নপূর্ণা প্রকল্পের টাকা দ্রুত দেওয়ার পাশাপাশি বিধবা ও বার্ধক্য ভাতার দাবিও অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন তাঁরা।বারবার একই দাবিতে পথ অবরোধের ঘটনায় একদিকে যেমন বিক্ষোভকারীদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে, তেমনই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে।