অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগ

অরিন্দম চক্রবর্তী : অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বা এক মাসের টাকা পাওয়ার পর পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যাওয়া উপভোক্তাদের জন্য ফের ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করেও যাঁদের নাম তালিকায় ওঠেনি, কিংবা টাকা পাওয়া নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের সহায়তায় বুথ ও পাড়াভিত্তিকভাবে পুনরায় ফর্ম পূরণ করা হচ্ছে।খড়্গপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডে সদ্য উদ্বোধন হওয়া বিজেপির দলীয় কার্যালয়েও চলছে অন্নপূর্ণা যোজনার রি-ফর্ম পূরণের কাজ।

বিজেপির দাবি, এই ওয়ার্ডের সাতটি বুথ মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজার ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাননি।উপভোক্তাদের ফর্ম পূরণে সহযোগিতা করতে সকাল থেকে দফায় দফায় রাত ১০টা পর্যন্ত দলীয় কার্যালয়ে কাজ করছেন বিজেপি কর্মীরা।

উপস্থিত রয়েছেন শক্তিকেন্দ্র প্রমুখ তীর্থ বারিক, রাকেশ কুমার, মণ্ডল ইনচার্জ বাপি কালিন্দী, বুথ সভাপতি প্রতিমা সিং, অপর্ণা দাস, সুস্মিতা মণ্ডল জানা, দীপক সিং, সৌম্য লাহা (বাবাই), অপূর্ব দাস, অমরজিৎ দাস ও চন্দু আগরওয়াল-সহ অন্যান্য কর্মীরা।দলীয় কর্মীদের বক্তব্য, যাঁরা আগে আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি অথবা এক মাসের টাকা পাওয়ার পর আর অর্থ পাননি, তাঁদের সমস্যার সমাধানের জন্যই এই উদ্যোগ। উপভোক্তাদের ফর্ম পূরণ থেকে শুরু করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানানো হয়েছে।অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের জন্য এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।