অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে, উচ্ছ্বসিত মহিলারা! মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুরে ৬ হাজারের বেশি মহিলার মিছিল!
সেখ ওয়ারেশ আলী : অন্নপূর্ণা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরই খুশির আবহ তৈরি হয়েছে মহিলাদের মধ্যে। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটল রাস্তায় নেমে অভিনন্দন যাত্রার মাধ্যমে। প্রকল্পের সুবিধা পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে বিশাল মিছিল করলেন কয়েক হাজার মহিলা।মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইতের উদ্যোগে এই অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিলের সূচনা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রিং রোডের দিকে এগিয়ে যায় বিশাল পদযাত্রাটি।মিছিলে অংশ নেওয়া মহিলাদের হাতে ছিল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড এবং অন্নপূর্ণা ভাণ্ডার। তাঁদের স্লোগান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেদিনীপুর শহরের রাস্তায় তৈরি হয় উৎসবের আবহ।আয়োজকদের দাবি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে ছয় হাজারেরও বেশি মহিলা এদিনের অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেন। মহিলাদের ব্যাপক উপস্থিতিতে রিং রোড কার্যত জনসমুদ্রের চেহারা নেয়।অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার আনন্দ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর বার্তাই ছিল এদিনের কর্মসূচির মূল বিষয়। মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কেন্দ্র করে মেদিনীপুরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে চর্চা।