মুর্শিদাবাদের নবোদয়ে সাফল্যের জোয়ার, ৯৫%-এর ওপরে বহু পড়ুয়া,সেরার মুকুট অন্বেষার মাথায়!
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়, বহরমপুর-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। গত ৩১ মার্চ ২০২৬, শিক্ষাবর্ষের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী সাফল্যের সঙ্গে কৃতকার্য হওয়ায় খুশির হাওয়া ছড়িয়ে পড়ে শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবারের ফলাফলে শতভাগ উত্তীর্ণের নজির গড়েছে বহরমপুরের এই নবোদয় বিদ্যালয়। শুধু পাশ নয়, বহু ছাত্র-ছাত্রী ৯৫ শতাংশেরও বেশি নম্বর অর্জন করে বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলকে আরও উজ্জ্বল করেছে। সবচেয়ে বড় সাফল্য এসেছে সপ্তম শ্রেণির ছাত্রী অন্বেষা পাল-এর হাত ধরে। সে ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে গোটা বিদ্যালয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। তার এই অসামান্য সাফল্যে বিদ্যালয় চত্বর জুড়ে প্রশংসার ঝড় উঠেছে। শিক্ষক মহল মনে করছে, অন্বেষার এই ফলাফল আগামী দিনে অন্য ছাত্র-ছাত্রীদেরও আরও ভালো করার প্রেরণা জোগাবে।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মিস্ত্রি প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। তাঁর কথায়, “পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশই এই সাফল্যের মূল চাবিকাঠি।” পুরস্কার প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আগামী দিনে আরও বড় লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। বিদ্যালয়ের পরীক্ষা বিভাগের পক্ষ থেকে সমগ্র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন স্নাতকোত্তর শিক্ষিকা এস. শালিনী। তাঁর তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। শিক্ষাবর্ষের শেষ দিনে এমন দুর্দান্ত ফলাফল স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বহরমপুরের শিক্ষা মহলেও এই ফলাফলকে ঘিরে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। অভিভাবকদের একাংশের মতে, নবোদয় বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে জেলার শিক্ষাক্ষেত্রে আরও বড় উদাহরণ হয়ে উঠবে।