অনুকূল-কার্তিকের আগুনে বোলিং! দিল্লিকে কম রানেই থামাল কেকেআর

নিজস্ব সংবাদদাতা :আইপিএলের প্লে-অফের লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ। এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত বোলিং করে বড় সুবিধা আদায় করে নিল কলকাতা নাইট রাইডার্স। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক Ajinkya Rahane। আর সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা প্রমাণ করে দিলেন নাইট বোলাররা। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান তুলতে পারল Delhi Capitals।ম্যাচের শুরুতে অবশ্য বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল দিল্লির দুই ওপেনার পাথুম নিশঙ্কা ও কেএল রাহুলকে। দ্রুত রান তুলে ভালো শুরু এনে দিয়েছিলেন তাঁরা। তবে সেট হয়ে যাওয়া রাহুলকে ফেরান Kartik Tyagi। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপর একদিকে নিশঙ্কা লড়াই চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি।সমীর রিজভি সুনীল নারিনকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা নিশঙ্কাকে দুর্দান্ত কৌশলে স্টাম্প আউট করেন কেকেআর উইকেটকিপার অঙ্গকৃষ রঘুবংশী। বলটি করেন Anukul Roy। এরপর একই বোলারের ঘূর্ণিতে বোল্ড হন ট্রিস্টান স্টাবসও। একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় দিল্লি।সেই কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মা। দু’জনে মিলে গুরুত্বপূর্ণ ৩৯ রানের জুটি গড়েন। তবে বৈভব আরোরার বলে অক্ষর আউট হতেই আবার ধাক্কা খায় দিল্লি। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নেন অনুকূল রায়। এরপর আশুতোষ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রানেই থামে দিল্লির ইনিংস। কেকেআরের হয়ে অনুকূল রায় ও কার্তিক ত্যাগী দুটি করে উইকেট নেন। এছাড়া ক্যামেরন গ্রিন, সুনীল নারিন ও বৈভব আরোরার ঝুলিতে যায় একটি করে উইকেট। বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে রানচাপ তৈরি করেন।পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, প্লে-অফে পৌঁছতে গেলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। ফলে কেকেআর ও দিল্লি—দুই দলের কাছেই এই ম্যাচ ছিল কার্যত ‘মরণ-বাঁচন’ লড়াই। কোটলায় এবছর অধিকাংশ ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে। তাই রাহানের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে কৌশলগত মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।এখন সব নজর কেকেআরের ব্যাটিংয়ের দিকে। ১৪৩ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিতে পারলে প্লে-অফের দৌড়ে নিজেদের আরও শক্ত জায়গায় পৌঁছে দেবে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।