ভোটার তালিকা বিতর্কে চাঞ্চল্য: ডেপুটি মেয়রের নামও ‘বিচারাধীন’ তালিকায়, সরব ওয়াসিমুল হক!

নিজস্ব সংবাদদাতা :  চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক থামছেই না। তার মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়াল Asansol Municipal Corporation-এ। পুরনিগমের ডেপুটি মেয়র Wasimul Haque-এর নামও চূড়ান্ত তালিকায় না থেকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে। সোমবার নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। ডেপুটি মেয়রের দাবি, তিনি নির্ধারিত সময়ে এসআইআরের ইনুমেরেশন ফর্ম পূরণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে শুনানির জন্য তাঁকে ডাকা হয়। কিন্তু সেই সময় অসুস্থতার কারণে চিকিৎসার জন্য হায়দরাবাদে থাকতে হয় তাঁকে। যদিও প্রয়োজনীয় সমস্ত নথিপত্র পরিবারের সদস্যের মাধ্যমে পাঠানো হয়েছিল বলে জানান তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াসিমুল হক বলেন, “স্কুল সার্টিফিকেট থেকে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড—সব নথিই আমার কাছে রয়েছে। শুনানিতে সেগুলি জমাও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমার নাম বিচারাধীন হিসেবে রাখা হয়েছে।” এদিন নির্বাচন প্রক্রিয়া নিয়ে কড়া সুরে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে—এই ঘটনা তারই প্রমাণ। একজন জনপ্রতিনিধি হয়েও যদি এই পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয়েছে তা সহজেই অনুমেয়। বাংলার মানুষ সব দেখছেন। সময় এলে এর জবাব মিলবে।”উল্লেখ্য, ওয়াসিমুল হক তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর কাছে সরকারি শংসাপত্রও রয়েছে। তবু ভোটার তালিকায় তাঁর নামের এই অবস্থান নতুন করে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এখন নজর, নির্বাচন কমিশন এই বিতর্কে কী ব্যাখ্যা দেয়।